চুড়ি কিনেছিলাম এক গোছা, সাথে ১২৩ টি পুরানো নিউজপ্রিন্ট কাগজে লেখা চিঠি আর ১৯ কবিতা। স অ ব পাঠিয়ে দিয়েছি এক বোকা ডাক বাক্সে।প্রাপ্তিযোগ করতে হবেনা।
প্রাত্যহিকতার অংশ হয়ে গিয়েছে তোমার ফটোগ্রাফ সামনে নিয়ে কথা বলে হাত বোলানো তোমার নাক-মুখ-চোখ-ঠোট আর ঝাপসা চোখে চিৎকার করা তোমায় চেয়ে। চৈত্রের বৃষ্টি আজ নতুন রুপ নিয়ে নিলো, থেমে থেমে স্বয়ংকৃয় বড় বড় ফোটায়।
আজ এক কথা লিখে দিচ্ছি, জানিনা আজকের পর আমি থাকবো কিনা। এটাকে প্রলাপ কিংবা কবিতা অথবা মুক্তগদ্য ভেবোনা।
বৃষ্টি ধুয়ে নিচ্ছে সব, এক্কেবারে স অ ব। পরিস্কার হচ্ছে বুকে জমাট শীতে জর্জরিত কষ্ট, কান্নায়। কেউ বলেছিলো মরে যাওয়ার আগে একটা পরিস্কার শার্ট পরে নিও। আমি তাই বৃষ্টি তে ধুয়ে নিচ্ছি সব নোংরা দাগ, কেবল থেকে যাবে বুক পকেটে তোমার চুমুর মাণচিত্র।
একদিন দেখে নিও আমি এক কাপ চা এর দামে কিনে নেবো তোমার ঠোট, তোমার বুকের সোদা গন্ধ। যা বারবার নিয়ে যায় মাটির কাছাকাছি আমায়।
একদিন দেখে নিও এ শহর বলবেই তোমায় ~
"ভালোবাসা মরে গ্যাছে অসংখ্য প্রশ্ন মাটিচাপা দিতে, বাঁচিয়ে তোমায়। তুমি বাঁচো বৃষ্টি মেখে, তাতেই পাবে পাগলের ভালোবাসা।"
আকাশ কুসুম স্বপ্নের আকাশ থাকেনা কখনওই, স্বপ্নের ভেতর যাওয়া যায় অনেকদুর। স্বপ্নে বয়স বাড়েনা কারো,আমি তাই আটকে রেখেছি সময় কে তোমার রুমাল কিনতে যাওয়ার দিনেই।
জানো আজ এখন বৃষ্টি হচ্ছে, মেঘ আর রোদ্দুর আমার হার না মানা কষ্টের কাছে হার মেনে গোটা পৃথিবীর আলো নিভিয়ে নেমেছে তোমার আমার শরীর বেয়ে।
একদিন আমি তোমায় বলে দেবো কতটা আগুনে পুড়ে কষ্ট শিমুলতুলা হয়ে ভেজে?
No comments:
Post a Comment